রাষ্ট্রীয় সফর শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন নৌপ্রধান

আপডেট : ০৫ জুন ২০২১, ০০:০৮

তুরস্কের নৌবাহিনী প্রধান এডমিরাল আদনান ওজবেলের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর শেষে তুরস্ক থেকে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা নৌপ্রধানকে স্বাগত জানান। 

তুরস্ক সফরকালে নৌপ্রধান দেশটির প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি দেশটির নৌবাহিনী প্রধান এডমিরাল আদনান ওজবেলের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। নৌপ্রধান দেশটির নৌবাহিনী সদর দপ্তরে পৌঁছলে একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সাক্ষাত্কালে নৌপ্রধানগণ বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যকার প্রশিক্ষণ, জাহাজ নির্মাণ, সাইবার নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এছাড়া নৌপ্রধান দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্টাফ জেনারেল ইয়াছের গুলারসহ সেনা, বিমান বাহিনী প্রধান এবং প্রতিরক্ষা শিল্পের সভাপতির সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রীয় সফরে নৌপ্রধান গত ২৭ মে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। —আইএসপিআর

 

 

তুরস্ক সফরকালে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল দেশটির নৌবাহিনী প্রধান এডমিরাল আদনান ওজবেলের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন —আইএসপিআর