বার্ষিক চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় ইরানসহ চারটি আফ্রিকান দেশের সাধারণ পরিষদে ভোটাধিকার স্থগিত করেছে জাতিসংঘ। জাতিসংঘ সনদের ১৯ নম্বর অনুচ্ছেদে বলা আছে, যেসব দেশ দুই বছর জাতিসংঘকে বার্ষিক চাঁদা দিতে ব্যর্থ হবে, সাধারণ পরিষদে তাদের ভোটের অধিকার বাতিল হবে। এ কারণে ইরান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কমোরোস, সাও তোমে এন্ড প্রিনসিপ ও সোমালিয়ার ভোটের অধিকার বাতিল হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক চিঠিতে সাধারণ পরিষদের প্রেসিডেন্টকে জানিয়েছেন, ইরানসহ এই দেশগুলো জাতিসংঘ সনদের ১৮ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। মহাসচিব চিঠিতে উল্লেখ করেছেন, ইরানকে ভোটের অধিকার ফিরে পেতে হলে এক কোটি ৬২ লাখ ৫১ হাজার ডলার পরিশোধ করতে হবে। এর আগে ২০২০ সালের শুরুতে ভেনিজুয়েলা, ইয়েমেন ও লেবাননও সাময়িক সময়ের জন্য ভোটাধিকার হারিয়েছিল। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির দাবি, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে থাকা অর্থ সংগ্রহ করতে পারছে না ইরান। ফলে জাতিসংঘের চাঁদা দিতে পারেনি তারা। -পার্স টুডে
