সাভারে এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার এবং আশুলিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরান বউবাজার এলাকার একটি বাড়ি থেকে হাবিবা নামে এক পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী সালমানকে আটক করা হয়েছে। নিহত হাবিবা তার স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
বিরুলিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অপূর্ব দত্ত বলেন, নিহত হাবিবা কিছুদিন আগে সাভারে এসে পোশাক কারখানায় চাকরি নেন। দুই মাস আগে তার চাকরি চলে যাওয়ায় সম্প্রতি স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়। বৃহস্পতিবার রাতে তার নিজের শোবার ঘর থেকে ঐ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামীকে আটক করে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে আশুলিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে মাসুম নামে পাঁচ বছর বয়সি এক শিশুর মৃত্য হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বেরন এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাসুম শরীয়তপুর জেলা সদরের চরকোয়ারপুর এলাকার দুলাল হোসেনের ছেলে। নিহতের বাবা দুলাল জানান, সেফটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন বাড়িওয়ালা। মুখ খোলা থাকায় সন্ধ্যায় তার ছেলে সেখানে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে মাসুম মারা যায়।
