ভোলায় সেফ‌টিক ট্যাংকে বাড়ির মালিকসহ ২ জ‌নের মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২১, ১২:১৬

ভোলা সদরের ইলিশায় নতুন নির্মা‌ণাধীন সেফ‌টিক ট্যাংকের ভেতরে প্রবেশ করে শাটারিংয়ের  কাজ করার সময় গ‌্যাস বিষক্রিয়ায় আব্দুল মা‌লেক (৫০) ও মো. জ‌সিম (৩৫) না‌মে দুইজনের মৃত্যু হ‌য়ে‌ছে। আজ শ‌নিবার (৫ জুন) সকাল পৌ‌নে ৯টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

এছাড়াও আহত হ‌য়ে‌ছেন মো. শাহাবু‌দ্দিন (২৯) ও মো. ক‌বির (৩৫)। তারা বর্তমা‌নে ভোলা সদর হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আব্দুল মা‌লেক ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউ‌নিয়‌নের ৪ নং ওয়ার্ডের পণ্ডিতের হাট এলাকার তজু ব‌্যাপারীর ছে‌লে ও জ‌সিম একই এলাকার কালু মিয়ার ছে‌লে।

স্থানীয় বা‌সিন্দা মো. আলাউ‌দ্দিন জানান, সকা‌লের দি‌কে আব্দুল মা‌লেকের বা‌ড়ির নির্মাণাধীন নতুন সেফ‌টিক ট্যাংকের শাটারিংয়ের কাজ করাতে লোক নেন। সেই কাজেই মিস্ত্রী মো. জ‌সিম ও আব্দুল মা‌লেক সেফ‌টিক ট্যাংকের ভেত‌র প্রবেশ ক‌রেন। ভেতরে গ‌্যাস বিষক্রিয়ায় তারা চিৎকার কর‌লে তা‌দের বাঁচা‌তে শাহাবু‌দ্দিন ও ক‌বিরও সেফ‌টিক ট্যাংকের ভেত‌রে প্রবেশ করেন। তারা সবাই গ‌্যাস বিষক্রিয়ায় আক্রান্ত হন। প‌রে পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস ও স্থানীয়‌দের সহ‌যোগিতায় তা‌দের উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে পাঠা‌নো হয়।

ভোলা সদর হাসপাতা‌লের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. মো. আমানুল্লাহ্ জানান, সেফ‌টিক ট্যাংকের দুর্ঘটনায় চার জনকে হাসপাতা‌লে আনা হ‌য়ে‌ছে। এদের ম‌ধ্যে আব্দুল মা‌লেক ও মো. জ‌সিমের মৃত্যু হ‌য়ে‌ছে। এছাড়াও গুরুতর আহত অবস্থায় হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন মো. শাহ‌াবু‌দ্দিন ও মো. ক‌বির।

ইলিশা পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ মো. আনিসুল রহমান জানান, খবর পে‌য়ে পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস সদস‌্যরা স্থানীয়‌দের সহ‌যোগিতায় ট্যাংকের ভেতর থে‌কে চারজন‌কে উদ্ধার ক‌রে। তাদের সদর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এদের ম‌ধ্যে দুইজনের মৃত্যু হ‌য়ে‌ছে।

ইত্তেফাক/জেডএইচডি