সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ভারতীয় সরকারের মধ্যে ঝামেলা যেন শেষই হচ্ছে না। দেশটির নতুন তথ্যপ্রযুক্তি আইন মানার জন্য টুইটারকে বারবার বলা হলেও প্রতিষ্ঠানটি সেটা মানছে না। এবার শেষবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমটিকে নোটিশ দিলো নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
আজ শনিবার (৫ জুন) এক বিবৃতিতে ভারত সরকার জানায়, দেশে নিজস্ব কর্মকর্তা নিয়োগের জন্য টুইটারকে শেষ সুযোগ দেয়া হলো। তাদের তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ নম্বর ধারার আওতায় সকল আইন মেনে চলতে হবে। অন্যথায়, কঠোর শাস্তির মুখে পরতে হবে।
পদক্ষেপটি এমন সময়ে আসলো যখন ভারতের ভাইস প্রেসিডেন্ট বেঙ্কাইয়া নায়ডুর টুইটার অ্যাকাউন্ট থেকে নীল টিক চিহ্ন সরিয়ে নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। গতকালই এ ঘটনা ঘটেছে। তার একদিনের মধ্যেই নোটিশ দেয়া হলো।
যদিও টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ছয় মাস ধরে অ্যাকাউন্টটির কোনো ব্যবহার হয়নি। এ কারণেই নীল টিক চিহ্ন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত।
সাধারণত টুইটার বা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর নিয়ম অনুসারে, তাদের প্ল্যাটফর্মে যে কোনো পোস্ট বা শেয়ারের জন্য দায়ী সংশ্লিষ্ট ব্যক্তি। অর্থাৎ, প্রতিষ্ঠানের কোনো দোষ নেই। কিন্তু ভারত সরকারের নতুন আইন অনুযায়ী, এর দায় নিতে হবে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষকে।
ইত্তেফাক/টিএ
