শিশু চিকিত্সায় টেলিমেডিসিন সেবা

আপডেট : ০৫ জুন ২০২১, ২১:২২

মস্তিষ্কের বিকাশজনিত রোগ

ইত্তেফাক রিপোর্ট

দেশের দূরদূরান্তের মস্তিষ্কের বিকাশজনিত রোগে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের কথা চিন্তা করে ‘ডিজঅ্যাবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) এবং ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) সম্মিলিতভাবে টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালু করতে সম্মত হয়েছে।

এ উপলক্ষ্যে ইপনা ও ডিআরআরএ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ইপনার সেমিনার কক্ষে এই চুক্তি স্বাক্ষর হয়।

সমঝোতা চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা)-এর পক্ষে পরিচালক ও বিএসএমএমইউর শিশু অনুষদের ডিন প্রফেসর ডা. শাহীন আখতার এবং ডিজঅ্যাবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) এর পক্ষে নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইপনার উপ-পরিচালক (একাডেমিক) ডা. কানিজ ফাতেমা, সহযোগী অধ্যাপক ডা. সৈয়দা তাবাস্সুম আলম ও প্রশিক্ষণ সমন্বয়কারী ডাক্তার মাজহারুল মান্নান এবং ডিআরআরএ-এর অ্যাডভোকেসি, কমিউনিকেশন উপদেষ্টা স্বপনা রেজা, প্রকল্প ব্যবস্থাপক দেবেষ দাশ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের প্রায় সব  জেলায়ই মস্তিষ্কের বিকাশজনিত রোগে আক্রান্ত শিশু রয়েছে। শহর অঞ্চলে বসবাসকারী, সচ্ছল পরিবারের এসব শিশু প্রয়োজন অনুসারে অতি সহজে বিশেষজ্ঞ চিকিত্সকের সঙ্গে পরামর্শ করে চিকিত্সাসেবা গ্রহণ করতে পারলেও জেলা, উপজেলা, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল পরিবারের শিশুরা তা পারে না।

অধিকাংশ ক্ষেত্রেই সঠিক চিকিত্সাসেবা থেকে তারা বঞ্চিত হয়। পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানসম্মত পরামর্শ তাদের কাছে যথাসময়ে দ্রুতভাবে পৌঁছায় না। ফলে আশানুরূপভাবে এসব শিশুর অভিভাবকরা সচেতন হয়ে উঠতে পারেন না। এ কারণেই এই টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালু করা।