বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতনভাতায় চলমান বৈষম্য দূরীকরণসহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, প্রজাতন্ত্রের ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের চলমান বৈষম্য ও অসংগতি দূরীকরণ জরুরি এবং বেতন ভাতাদি বৃদ্ধি করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এই অসঙ্গতির মধ্যে কর্মচারীরা কষ্টে জীবনযাপন করছে।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ভূঞা। লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, বিভিন্ন পর্যায়ের বৈষম্য ও অসংগতির চিত্র পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপনসহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. হেদায়েত হোসেন, প্রধান উপদেষ্টা মো. লুত্ফর রহমান খান, কার্যকরী সভাপতি মো. আবদুল হাই মোল্যা ও শরীফ আবুল খায়ের, মহানগর কমিটির সভাপতি মো. হারুনুর রশীদ, কার্যকরী সভাপতি মো. ফরিদুর রহমান, কেন্দ্রীয় সহসভাপতি সালাহ উদ্দিন আহমেদ, মো. মহসিন ভূইয়া ও অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. বাহার উদ্দিন ও আবদুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন। — প্রেস বিজ্ঞপ্তি
