চীনে শিশুদের সিনোভ্যাকের টিকা দেওয়ার অনুমোদন

আপডেট : ০৫ জুন ২০২১, ২১:৩০

রয়টার্স

তিন থেকে ১৭ বছর বয়সের শিশুদের সিনোভ্যাকের কোভিড-১৯ টিকা দেওয়ার জরুরি অনুমোদন দিয়েছে চীন। শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানান চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানির প্রধান ইয়িন উইডং।

চীনে বর্তমানে যাদের বয়স ১৮ বছরের ওপরে শুধু তাদের কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে চীনে গণ-টিকাদান কার্যক্রম চলছে। দেশটিতে ৩ জুন পর্যন্ত প্রায় ৭২ কোটি ৩৫ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। গত ১ জুন চীনের তৈরি কোভিড-১৯-এর দ্বিতীয় টিকা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লি­উএইচও) সিনোভ্যাক বায়োটেক কোম্পানির তৈরি কোভিড টিকা ‘করোনাভ্যাক’ জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। ডব্লি­উএইচওর স্বাধীন বিশেষজ্ঞদের প্যানেল এক বিবৃতিতে ১৮ বছরের বেশি বয়সিদের জন্য সিনোভ্যাকের এই টিকার দুই ডোজ সুপারিশ করেছে। দুই থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার মানে হলো, বিশ্বের দেশগুলো এ টিকার মান ও কার্যকারিতায় আস্থা রাখতে পারে। ডব্লি­উএইচও চীনের সিনোভ্যাকের এই টিকাকে কোভ্যাক্স প্রোগ্রামের আওতায়ও আনবে। মূলত গরিব দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে কোভ্যাক্স নামের এই প্ল্যাটফরম গড়ে তোলা হয়েছে।