ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
ভোলা সদরের ইলিশায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে গ্যাসের বিষক্রিয়ায় বাড়ির মালিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল মালেকের বাড়ির এ ঘটনায় আরও দুজন অসুস্থ হয়েছেন। নিহত মালেক (৫০) পন্ডিতের হাট এলাকার তজু ব্যাপারীর ছেলে ও জসিম (৩৫) একই এলাকার কালু মিয়ার ছেলে। আহত হয়েছেন মো. শাহাবুদ্দিন ও মো. কবির। তারা ভোলা সদর হাসপাতালে চিকত্সাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. আলাউদ্দিন জানান, সকাল পৌনে ৯টার দিকে আব্দুল মালেকের বাড়ির নির্মাণাধীন সেপটিক ট্যাংকে শাটারিংয়ের কাজ করেত নামে জসিম। তার সঙ্গে মালেকও নামেন। বিষাক্ত গ্যাসক্রিয়ায় তাদের চিত্কারে শাহাবুদ্দিন ও কবির নামলে তারাও আক্রান্ত হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আমানুল্লাহ জানান, সেপটিক ট্যাংকের দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আব্দুল মালেক ও মো. জসিম মারা গেছেন। বাকি দুইজনের অবস্থা গুরুতর।
হিলশা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মো. আনিসুল রহমান জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহোযাগীতায় ট্যাংকের ভেতর থেকে চারজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে। এদের মধ্যে দুইজন মারা গেছে।
