মেঘ-বৃষ্টির ঋতুতে রাজধানীর প্রায় সব এলাকায় প্রবল জলাবদ্ধতা কোনো নতুন সমস্যা নয়। অন্যান্য এলাকার মতো টিকাটুলী এলাকাতেও এই সমস্যা প্রকট আকার ধারণ করে। একটু বৃষ্টি হলেই টিকাটুলী থেকে নিউ নেশনের মোড় পর্যন্ত যেন বন্যা হয়ে যায়! অবাক হওয়ার মতো বিষয় হলো, ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিট বৃষ্টি হলেই এই এলাকায় একেবারে কোমর পানি হয়ে যায়। এ কারণে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এখানে বৃষ্টির পানি জমলে তা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। সমস্যাটি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের না জানার কথা নয়। সুতরাং জলাবদ্ধতা সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নিহাল খান
টিকাটুলী, ঢাকা
