লালমনিরহাট জেলা সদর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে পাটগ্রাম উপজেলায় স্থলবন্দর বুড়িমাড়ী। নয়টি ইউনিয়ন নিয়ে পাটগ্রাম উপজেলা। এখন বিদ্যুতের অনেক উন্নয়ন হলেও লোডশেডিং কমেনি। লালমনিরহাট জেলায় নেসকো লিমিটেড বিদ্যুত্ সরবরাহ করে আসছে। কিন্তু যেভাবে বিদ্যুত্ সরবরাহ করছে তা জুলুমের শামিল। পাটগ্রামে বিদ্যুত্ যায় না, আসে মাঝেমধ্যে! সমান্য বৃষ্টি হলে বিদ্যুতের লোডশেডিং দু-এক ঘণ্টা নয়, বরং দু-তিন দিন হয়ে থাকে। সরকারের শতভাগ বিদ্যুতায়নের পরিকল্পনা করছে। কিন্তু পাটগ্রামের মানুষ এক্ষেত্রে চরম বৈষম্যের শিকার। প্রচণ্ড গরমে বিদ্যুতের লোডশেডিংয়ের জন্য বৈদ্যুতিক পাখার নিচে স্বস্তির নিশ্বাস ফেলা যাচ্ছে না। বিদ্যুত্ থাকলেও লোডশেডিংয়ের জন্য হারিকেনের আলোতে রাত্রি যাপন করতে হচ্ছে। পরিশেষে, সমস্যাটি সমাধানের উদোগ নিতে সংশিষ্ট কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি।
শাওন হোসেন
ধবলগুড়ি, জোংড়া, পাটগ্রাম, লালমনিরহাট
