নিউ মার্কেটে ৭০ লাখ টাকার কলিংকার্ডসহ তিন জন গ্রেফতার

আপডেট : ০৫ জুন ২০২১, ২২:০০

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক কলিংকার্ড (স্ক্র্যাচ কার্ড) পাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন শাকিল (২৬), নুরুল আলম ওরফে সুমন (৩৩), আবুল হোসেন (৩১)। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন দেশের কলিংকার্ড (স্ক্র্যাচ কার্ড) জব্দ করা হয়। জব্দ হওয়া এসব কলিং কার্ডের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব-২।

র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, প্রাইভেটকারযোগে একটি চক্র বিপুল পরিমাণ ইন্টারন্যাশনাল কলিংকার্ড (স্ক্র্যাচ কার্ড) ভারতে পাচার করতে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর নিউ মার্কেট থানাধীন চন্দ্রিমা সুপার মার্কেট এলাকায় মিরপুর সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়।