উইন্ডিজ দলে ১৯ বছর বয়সি সিলেস

আপডেট : ০৫ জুন ২০২১, ২২:০৫

স্পোর্টস ডেস্ক

চলতি মাসেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি টি-২০ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে উইন্ডিজ বোর্ড। দলে চমক ১৯ বছর বয়সি ডানহাতি পেসার জেইডেন সিলেস। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর এ ফাস্ট বোলার চূড়ান্ত দলে থাকবেন কি না বলা কঠিন। কারণ সিরিজ শুরুর আগে চূড়ান্ত দলটা হয়ে যাবে ১৩  সদস্যের। উইন্ডিজদের টেস্ট দলে ফিরেছেন শাই হোপ, রোস্টন চেজ ও কাইরেন পাওয়েল। সর্বশেষ ঘরের মাঠে হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দলে ছিলেন না তারা।

মাত্র ১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা সিলেস গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলে খেলেছিলেন। সব মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে মাত্র ১০ ম্যাচ খেলেছেন সিলেস। সম্প্রতি নিজেদের মধ্যে হওয়া চার দিনের অনুশীলন ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স ছিল সিলেসের। দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে ছিল হোপ ও ড্যারেন ব্রাভোর গুরুত্বপূর্ণ উইকেট ।

 গেল বছর দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের নজরে আসনে সিলেস। টুর্নামেন্টে ১৮.৩০ গড়ে ছয় ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। ইকোনমি ছিল ৩.৮৯। প্রাথমিক দলে জসুয়া দা সিলভার সঙ্গে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে আছেন জাহমার হ্যামিল্টন। অধিনায়ক হিসেবে থাকছেন ক্রেইগ ব্র্যাথওয়েট, তার ডেপুটি ব্ল্যাকউড। সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে আগামী ১০ জুন শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট। ১৮ জুন থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।