টিকাদানের গতি বাড়াতে হবে ----আহসান এইচ মনসুর

আপডেট : ০৫ জুন ২০২১, ২২:১৭

করোনা দূর করতে হলে তা টিকার মাধ্যামেই দূর করতে হবে। এজন্য আমাদের সক্ষমতা বাড়ানোর কোন বিকল্প নেই। দেশে টিকাদান শুরু হওয়ার পর থেকে হিসাব করলে দেখা যায় যে গড়ে প্রতিদিন গড়ে এক লাখ করেও টিকা দেওয়া সম্ভব হয়নি। তাই টিকা দেওয়ার গতি বাড়াতে হবে। দেশের ১২ কোটি মানুষকে টিকা দিতে হলে প্রতিদিন কমপক্ষে ১৫ থেকে ২০ লাখ মানুষকে টিকা দিতে হবে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর একথা বলেন।

তিনি বলেন, এ মুহূর্তে প্রধান চ্যালেঞ্জ টিকাদান কর্মসূচি। বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে তার যথাযথ ব্যবহার করতে হবে। এজন্য টিকা কোথা থেকে সংগ্রহ করা হবে সেটা এবং কীভাবে তা মানুষকে দেওয়া হবে দুটি বিষয় নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডাব্লিউএইচও) অনুমোদিত সব দেশ থেকেই টিকা সংগ্রহ করতে হবে। একইসঙ্গে দেশে উত্পাদনের উদ্যোগ নিতে হবে। দেশের কোম্পানিকে এজন্য প্রণোদনা দেওয়া যেতে পারে। তিনি বলেন, অর্থনীতির অন্যান্য বিষয় বা প্রবৃদ্ধির দিকে না তাকিয়ে এখন স্বাস্থ্য খাতকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিসহ সব শ্রেণিকে এজন্য এগিয়ে আসতে হবে।

স্বাস্থ্য খাত নিয়ে পরিকল্পিত এবং বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে তিনি বলেন, নতুন নতুন হাসপাতাল নির্মাণ করতে হবে। একইসঙ্গে পুরাতন হাসপাতালগুলোকে আধুনিকায়ন করতে হবে। বিশেষ করে সব হাসপাতালে আইসিইউ ও ভেন্টিলেশন নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক বিষয়ে সবদেশের সঙ্গে সুসম্পর্ক রাখার পক্ষে মত দিয়ে তিনি বলেন, কারো সঙ্গে শত্রুতার সম্পর্কে যাওয়া উচিত হবে না। আমেরিকা, চীন ও ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করতে হবে।