গাজীপুরে আম কুড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার গাজীপুর মহানগরীর সালনা টেকিবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কলাকান্দা এলাকার বাসিন্দা দিনমজুর আব্দুল মোতালেবের স্ত্রী মোরশেদা বেগম (৩০) ও গাইবান্ধা সদরের পশ্চিম পুলিয়া এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী সাজেদা আক্তার (৫০)। তারা টেকিবাড়ি এলাকার সোনা মিয়ার বাড়ির ভাড়টিয়া ছিলেন।
ঢাকার কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক জানান, গতকাল সকালে বৃষ্টির সময় ঢাকা-রাজশাহী রেলপথের পাশে আম কুড়াচ্ছিলেন মোরশেদা ও সাজেদা। এক পর্যায়ে তারা রেললাইনে উঠে পড়েন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
