সাতক্ষীরায় কঠোর লকডাউন শুরু

আপডেট : ০৫ জুন ২০২১, ২২:৪১

করোনা সংক্রমণ বৃদ্ধির মুখে সাতক্ষীরা জেলায় গতকাল শনিবার থেকে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে। আগামী ১১ জুন রাত ১২টা পর্যন্ত এই লকডাউনের মেয়াদ থাকবে। লকডাউন চলাকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের বাধানিষেধ মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

লকডাউনের প্রথম দিনে সাতক্ষীরায় কঠোর অবস্থানে প্রশাসন। গতকাল সকাল থেকে শহরে মানুষের যাতায়াত অন্যদিনের চেয়ে খুবই কম লক্ষ্য করা গেছে। নিত্যপণ্যের দোকানপাট ছাড়া অন্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শহরের কিছু কিছু ছোট দোকান খোলা রাখতে দেখা গেছে। গণপরিবহন বন্ধ থাকলেও প্রশাসনের নজর এড়িয়ে শহরের বিভিন্ন সড়কে খুবই স্বল্প পরিসরে চলছে ব্যাটারিচালিত ভ্যান, ইজিবাইক, টেম্পু, মোটরসাইকেলসহ অন্য ছোট যানবাহন। দূরপাল্লার কোনো যানবাহন চলতে দেখা যায়নি। সাতক্ষীরা-খুলনা, সাতক্ষীরা-যশোর ও সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কসহ সাতক্ষীরা-আশাশুনি সড়কের প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে পুলিশ অবস্থান নিয়েছে। এছাড়া শহরের মোড়ে মোড়ে পুলিশের টহল চলছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের কয়েকটি টিম মাঠে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে চলছে বিজিবির টহল।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরায় ২৪৫ জন বিভিন্ন হাসপাতাল ও কোয়ারেন্টাইনে চিকিত্সাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।