বুরকিনা ফাসোতে গ্রামে ঢুকে জিহাদিদের হামলা, নিহত ১০০

আপডেট : ০৫ জুন ২০২১, ২২:৪৫

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি গ্রামে সশস্ত্র ‘জিহাদি’ হামলায় অন্তত ১০০ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। গতকাল শনিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা শুক্রবার রাতভর তাণ্ডব চালিয়েছে। নাইজার সীমান্তের ইয়াঘা প্রদেশের সোলহান গ্রামের বাসিন্দাদের হত্যা করেছে হামলাকারীরা। এর পাশাপাশি বাড়ি-ঘর এবং বাজারে আগুন ধরিয়ে দিয়েছে তারা।

দেশটির সরকার হামলাকারীদের ?‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করলেও এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হত্যাযজ্ঞের দায় স্বীকার করেনি। পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে আল-কায়েদা এবং ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হামলা চলতি বছরের         শুরুর দিক থেকে বৃদ্ধি পেয়েছে। বুরকিনা ফাসো, মালি এবং নাইজারে প্রায়ই এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে। এই অঞ্চলের বেসামরিক নাগরিকরা নির্মম সহিংসতার শিকার হচ্ছেন। সোলহান গ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বুরকিনার সরকার। দুই বছরের বেশি সময় ধরে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সহিংসতায় ১১ লাখ ৪০ হাজারের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন। -রয়টার্স