মানুষকে ভালো অভ্যাস শেখানোর দায়িত্ব রাজনীতিকদের --------------তথ্যমন্ত্রী

আপডেট : ০৫ জুন ২০২১, ২২:৪৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতিবিদের দায়িত্ব হচ্ছে মানুষকে ভালো অভ্যাসগুলো জানানো এবং শেখানো। তাই সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই, আসুন যারা পরিবেশ ধ্বংস করে, প্রকৃতির বিরুদ্ধে কাজ করে, প্রকৃতিকে ধ্বংস করে তাদের বিরুদ্ধে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াই।

গতকাল দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, মানুষের টিকে থাকার জন্য এই পৃথিবী দরকার, কিন্তু পৃথিবীর টিকে থাকার জন্য মানুষের দরকার নাই। যেভাবে আমরা পরিবেশ-প্রকৃতিকে ধ্বংস করছি প্রকারান্তরে আমরা আমাদের অস্তিত্বকেই ধ্বংস করছি। সুতরাং আমাদের নিজের প্রয়োজনেই পরিবেশ-প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক আবদুল আউয়াল সরকার ও বাংলাদেশ টেলিভিশনের উপ-প্রধান বার্তা সম্পাদক অনুপ কুমার খাস্তগীর। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য্য সভায় সভাপতিত্ব করেন।

ড. হাছান মাহমুদ আরো বলেন, ঢাকা শহরের ২ কোটি মানুষ এবং চট্টগ্রাম শহরের প্রায় ৮০ লাখ মানুষ যদি মনে করে আমি যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলব, পরিচ্ছন্নতা কর্মীরা সেটি পরিষ্কার করবে। তাহলে সেই শহর কখনো পরিষ্কার রাখা সম্ভব হবে না। সেজন্য সবার প্রতি বিনীত নিবেদন, প্রত্যেকেই যেন তিনটি করে গাছ লাগাই। একই সঙ্গে নিজের প্রয়োজনে পরিবেশ-প্রকৃতিকে সংরক্ষণ করি, তাহলেই মানুষ এই পৃথিবীতে টিকে থাকবে। তিনি বলেন, সারা দেশে প্রধানমন্ত্রী তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। প্রত্যেকে একটি করে বনজ, ফলদ ও ভেষজ গাছ লাগাবেন, এটি তারই স্লোগান। দেশে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত হয়েছে।