বিশ্ব ক্রিকেটে দেশ-বিদেশে দাপট দেখাচ্ছে ভারতের বিরাট কোহলির দল। বিশেষভাবে গেল কয়েক বছর ধরে বিদেশের মাটিতে টেস্টে ভারতের পারফরমেন্স চোখে পড়ার মত। এতে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, অতীতে দীর্ঘদিন ধরে দাপট দেখানো দুই দেশ ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া হবার পথে ভারত। কিন্তু তাদের সাথে একমত নন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।
তার মতে, সত্তর-আশি দশকে ক্রিকেট বিশ্বকে শাসন করেছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর নব্বই-বিংশ শতাব্দিতে অস্ট্রেলিয়ার দাপট দেখেছে ক্রিকেট বিশ্ব। অনেকেই মনে করছেন, ভারতও সেই পথে হাঁটছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার মত ধারাবাহিক হতে পারবে না ভারত।

ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ধরে দাপট দেখানো দু’টি দেশ হলো- ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া। সত্তর-আশির দশকে ক্লাইভ লয়েডের দল পরপর দু’টি বিশ্বকাপ জিতেছিল। ১৯৯৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ছিলো অস্ট্রেলিয়ার দাপট। স্টিভ ওয়াহ এবং রিকি পন্টিংয়ের নেতৃত্বে টানা তিনটি বিশ্বকাপ জিতেছিল তারা। টেস্টে টানা দু’বার ১৬টি করে ম্যাচ জিতেছিল অসিরা। ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ধারাবাহিকভাবে দাপট কেউ দেখাতে পারেনি।
ভারতের বর্তমান দলের মধ্যে সেই সম্ভাবনা দেখা দিলেও, গাভাস্কার মনে করছেন, কোহলির দল প্রতিভাবান হলেও এখনও ধারাবাহিকতার অভাব রয়েছে।
তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ যেভাবে শাসন করেছে সেটা কোহলির দল দেখাতে পারবে কি-না আমি নিশ্চিত নই। তখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সিরিজের পাঁচটা ম্যাচেই জিততো। অস্ট্রেলিয়াও পাঁচটার মধ্যে চারটিতে জিততো। এই ভারতীয় দলের পক্ষে এমন করা কঠিন। বর্তমান দলটি প্রতিভাবান হলেও ধারাবাহিকতার অভাব রয়েছে। এ কারণেই অতীতের ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়া হবার কোন সম্ভাবনা দেখছি না ভারতের।’
ইত্তেফাক/এমআর
