জনগণের প্রতি সরকারের কোনো দায়িত্ববোধ নেই : ফখরুল

আপডেট : ০৬ জুন ২০২১, ০০:০১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সব কর্মকাণ্ডের মূলে রয়েছে দুর্নীতি ও লুটপাট। জনগণের প্রতি সরকারের কোনো দায়িত্ববোধ নেই। গত দুই দিন আগে যে বাজেট ঘোষণা করা হয়েছে, এখানে পরিবেশের প্রতি কোনো নজর নেই। পরিবেশ প্রকৃতির ওপর কত টাকা বরাদ্দ রাখা হয়েছে? গতকাল শনিবার দুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিএনপি আয়োজিত বৈশ্বিক দুর্যোগ :ভবিষ্যত্ পরিকল্পনা ও করণীয়’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ বক্তব্য দেন। নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনারা কেউ হতাশ হবেন না। হতাশ হওয়ার কথা বললে ভালো থাকা যায় না। এই শব্দ বাদ দিয়ে সামনে চলতে হবে। লড়াই হচ্ছে চিরন্তন লড়াই, আর লড়াই করেই বেঁচে থাকতে হবে।