রাজধানীতে বজ পাতের সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২১, ০০:০৩

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় বজ্রপাতের সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে রাজধানীতে ভারী বৃষ্টির সময় এই ঘটনা ঘটে। মৃতরা হলেন :আব্দুল হক (৬৫), ঝুমা (১২) ও সাবিনা ওরফে পাখি (১০)।

পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বৃষ্টির সময় বজ পাতে ঐ এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে সড়কে পড়ে। এ সময় সেখানে পানিতে খেলারত শিশু দুটি ও এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা যান।

ঘটনাস্থলের বর্ণনা দিয়ে হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, দুপুরে ভারী বর্ষণে মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের পেছনে সোনা মিয়ার গলি হাঁটু পানিতে ডুবে যায়। সোনা মিয়ার গলিতে ৩২/বি/৬ নম্বর টিনশেড বাড়িতে আব্দুল হক ভাড়া থাকেন। বৃষ্টির জমে থাকা পানিতে খেলা করছিল পাখি। এ সময় বজ্রপাত হলে হঠাত্ সে অচেতন হয়ে পানিতে পড়ে যায়। ঐ সময় তার সঙ্গে খেলা করা ঝুমা নামে আরেক শিশুও অনুুরূপভাবে পানিতে অচেতন হয়ে পড়ে যায়। আব্দুল হক ঐ দুই শিশুকে উদ্ধার করতে গেলে তিনিও অচেতন হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন চেষ্টা করে তিন জনকে উদ্ধার করে। এদের মধ্যে পাখিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। আর আব্দুল হক ও ঝুমাকে মালিবাগ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা জানান আগেই তাদের মৃত্যু হয়েছে।

ওসি আরো জানান, পাখির মা কুলসুম বেগম থানায় জানিয়েছেন বিদ্যুতায়িত হয়ে যাওয়া পাশের টিনের ঘরের স্পর্শে তার মেয়ের মৃত্যু হয়েছে। পাখিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান চৌধুরীপাড়ার বাসিন্দা  হাবিবুর রহমান। তিনি বলেন, বৃষ্টির সময় তার বাসার সামনে কয়েকটি শিশু ভিজছিল। এ সময় হঠাত্ পাখি অচেতন হয়ে পড়ে।

পাখির বাবা মোহাম্মদ মহসিন রিকশা চালান। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। ঝুমার বাবার নাম জাবেদ। সিলেটের সালিহা বড়বাড়ি গ্রামে তাদের বাড়ি। আর আব্দুল হক সোনা মিয়ার গলিতে টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন।

গুলশানে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু :গুলশানে আরকে স্কয়ার প্রপার্টি প্রাইভেট লিমিটেডের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শাহিন আলম মোল্লা (৩৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বিদ্যুত্স্পৃষ্ট হন তিনি।