বাংলাদেশকে উপহার হিসেবে দ্বিতীয় চালানে আরো ৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা ১৩ জুনের মধ্যে হস্তান্তর করতে চায় চীন। গতকাল শনিবার ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, চীন সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে আরো ৬ লাখ ডোজ ভ্যাকসিন ১৩ জুনের মধ্যে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে। তবে বাংলাদেশ কখন তা নেবে, সেটা এখনো ঠিক হয়নি। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়গুলো চূড়ান্ত হয়ে যাবে।
গত ২০ মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই ৬ লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার কথা জানান। এর আগে, গত ১২ মে চীনের কাছ থেকে উপহার হিসেবে বাংলাদেশ ৫ লাখ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন পেয়েছে। সরকার ইতিমধ্যে মেডিক্যাল শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে এই ডোজগুলো দেওয়া শুরু করেছে।
