রাজধানীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমি কথায় নয় কাজে বিশ্বাসী। এ কারণেই পহেলা জুন ঢাকায় রেকর্ড পরিমাণ ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হলেও দ্রুততম সময়ের মধ্যেই নগরবাসীকে জলজট থেকে মুক্ত করতে পেরেছি।’
গতকাল শনিবার রাজধানীর মিরপুর-১০ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, ভিটামিন-এ এর অভাবে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রাতকানা ও অন্ধত্বসহ চোখের নানা রোগ দেখা দেয়। এছাড়া রক্তশূন্যতা এমনকি শিশুর মৃত্যু হতে পারে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের আওতাধীন ৫৪টি ওয়ার্ডের ১ হাজার ৯০৫টি কেন্দ্রে একযোগে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ১৪ দিন এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
তিনি বলেন, ‘৬ থেকে ১১ মাস বয়সি সব শিশু একটি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল (১ লাখ আই ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি সব শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল (২ লাখ আই ইউ) খাওয়ানো হবে।’
ডিএনসিসি মেয়র আরো বলেন, ‘এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পহেলা জুন থেকে চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে, আগামী ১২ জুন পর্যন্ত তা অব্যাহত থাকবে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
