জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক বৈচিত্র্য শীর্ষক ২০০৫ কনভেনশনের আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে প্রথম বার নির্বাচিত হয়েছে বাংলাদেশ। কনভেনশনের অষ্টম সাধারণ সভায় শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে আগামী ২০২১-২০২৫ মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাচিত হয়। গতকাল শনিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ থেকে ৪ জুন ভার্চুয়ালি কনভেনশনের অষ্টম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে ২৪ সদস্য রাষ্ট্রের মধ্যে ১২ সদস্য রাষ্ট্র পরবর্তী চার বছরের জন্য নির্বাচিত হয়। দেশগুলো হলো—বাংলাদেশ, ফ্রান্স, নরওয়ে, জর্জিয়া, সার্বিয়া, কিউবা, জামাইকা, ভিয়েতনাম, বুরুন্ডি, মাদাগাস্কার, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিন।
২০০৫ কনভেনশনের মাধ্যমে ইউনেস্কোতে সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রের কার্যক্রম সমন্বিত হয়। ‘সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশ এ বিষয়ে বৈশ্বিক পরিমন্ডলে নেতৃত্বের অবস্থানে এসেছে। তাই আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে বাংলাদেশের নির্বাচিত হওয়ার বিষয়টি তাত্পর্যপূর্ণ।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন ২০০৫ কনভেনশনের সব সদস্য রাষ্ট্রকে বাংলাদেশের প্রতি আস্থা রাখার জন্য ও আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাধারণ সভার সমাপনী বক্তব্যে ইউনেস্কোর সংস্কৃতি সেক্টরের সহকারী মহাপরিচালক আর্নেস্টো রেনাতো বাংলাদেশকে সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনে এগিয়ে আসায় ধন্যবাদ জানান।
সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রথম বারের মতো আগামী নভেম্বরে অনুষ্ঠেয় ইউনেস্কোর ৪১তম সাধারণ সভায় প্রদান করা হবে।
