রাজধানীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর আহত

আপডেট : ০৬ জুন ২০২১, ০০:১৮

রাজধানীর লালবাগের পলাশীর মোড় এলাকায় পথ কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রমজান আলী রবি ওরফে শাকিল নামে এক কিশোর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহত শাকিল জানান, পেশায় সে রিকশাচালক। থাকে সদরঘাট ভিক্টোরিয়া পার্কে। তার বাবা-মা কেউ নেই। তার বাড়ি ঝিনাইদাহ খালিশপুর উপজেলা এলাকায়। এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে সে পলাশীর মোড় এলাকায় গিয়েছিলো। রাস্তায় থাকা কিশোর গ্যাংয়ের সদস্য তানজিল ও মোস্তফাসহ কয়েক জন মিলে তাকে ছুরিকাঘাত করেছে। কিন্তু কেন তাকে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে কিছুই বলতে পারেনি সে।

ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান জানান, এরা সবাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এরা সবাই পথ কিশোর, ভাঙ্গারি টোকায়, মাদক সেবন করে। আহত শাকিলের অবস্থা গুরুতর। বিষয়টি লালবাগ থানাকে অবহিত করা হয়েছে।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আশরাফ আলী জানান, পলাশী মোড়ে একটা ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। সবাই পথ কিশোর। সবাই সবার পূর্ব পরিচিত।

শাকিলকে হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা অপর কিশোর জানিয়েছে, যারা তাকে ছুরিকাঘাত করেছে তারা সব সময় আট থেকে ৯ জন একসঙ্গে চলাফেরা করে। সারাদিন নেশা করে পলাশী মোড় এলাকায় ঘুরে, চুরি-ছিনতাই করে।