স্কুটির ধাক্কায় আহত হয়ে আইসিইউতে লিজা বেনস

আপডেট : ০৬ জুন ২০২১, ১৯:৩৫

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ‘গন গার্ল’ খ্যাত হলিউড অভিনেত্রী লিজা বেনস। বর্তমানে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালের আইসিইউতে আছেন তিনি।

অভিনেত্রীর ম্যানেজার ডেভিড উইলিয়ামস সংবাদমাধ্যমকে জানান, শনিবার রাতে নিউইয়র্কের ম্যানহাটনের লিংকন সেন্টারের কাছে একটি স্কুটি লিজা বেনসকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

এই ঘটনায় ইতিমধ্যেই হিট অ্যান্ড রান-এর মামলা দায়ের করেছে পুলিশ। তবে স্কুটার চালকের খোঁজ এখনও পাওয়া যায়নি।

হলিউডের অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন লিজা বেনস। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘গন গার্ল’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। ১৯৮৮ সালে ‘ককটেল’ সিনেমায় টম ক্রুজের সঙ্গেও অভিনয়ের অভিজ্ঞতা আছে তার।

ইত্তেফাক/বিএএফ