বুলু রানী ঘোষ
এখন বুঝি মুখের চেয়ে
মুখোশ দামি বেশি!
মুখোশের আর মুখের সাথে
নেই রে রেষারেষি।
মিথ্যে এখন রঙিন খামে
সুখের পরশ আনে,
ছুটছি সবাই ঊর্ধ্বশ্বাসে
মিথ্যেটারই পানে।
রাংতা মোড়া চকচকে সব,
সোনার পাথর বাটি।
ঝকঝকে আর উপাদেয়,
না হোক সেসব খাঁটি।
চোখের তারায় ঝিলিক মারে
নকল প্রেমের আলো,
বুঝেও সবাই বড্ডো অবুঝ,
মন্দ নাকি ভালো!
মুখোশ পরে আয়না দেখি,
ভুলছি নিজের মুখ,
মিথ্যা সবি জানছি তবু
মিথ্যে খুঁজি সুখ।
মুখে মুখোশ, চোখে মুখোশ,
মুখোশ আরো মনে,
ক্ষণিক ভুলে চলছি ছুটে
সেই মুখোশের টানে।
মুখোশ এখন ভীষণ দামি
কিনছি মনের দামে,
মুখ ঢাকি তাই মুখোশ দিয়ে,
কাটতি নিজের নামে।
