অক্সিজেন সাপোর্টে দিলীপ কুমার

আপডেট : ০৬ জুন ২০২১, ২১:১৫

বিনোদন ডেস্ক

কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার গুরুতর অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। খবরটি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু। সায়রা বানু জানান, দিলীপ কুমার বেশকিছু দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন।  আজ সকালে (গতকাল) তার শারীরিক অবস্থা আরো খারাপ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালটির কার্ডিওলজিস্ট ডা. নিতিন গোখালে এবং ডা. জলিল পার্কারের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন। দিলীপ কুমারের শারীরিক অবস্থা নিয়ে ডা. জলিল পার্কার বলেন, ‘দিলীপ কুমারের শ্বাসকষ্ট খুব বেশি হচ্ছিল, তাই অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আইসিউতে নেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২-৩ দিনের মাঝেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, ৯৮ বছর বয়সী অভিনেতা দিলীপ কুমার দীর্ঘদিন ধরেই নানা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। গত মাসেও তার শারীরিক অবস্থা খারাপ হয় এবং দু’দিন হাসপাতালে ভর্ভি ছিলেন। দিলীপ কুমারের শারীরিক অবস্থা সম্পর্কে তার স্ত্রী সায়রা বানু বলেন, ‘সকালে দিলীপের শ্বাসকষ্ট শুরু হলে আমরা তাকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করাই। বেশকিছু পরীক্ষা করানো হয়েছে। আশীর্বাদ করবেন তার ফলাফল যেন ভালো আসে এবং সুস্থ হয়ে যেন তিনি দ্রুত বাড়ি ফিরতে পারেন।’ এর আগে দিলীপ কুমারের ম্যানেজার দিলীপ কুমারের অফিসিয়াল টুইটারে একটি পোস্টের মাধ্যমে এই অভিনেতার শারীরিক অবস্থার কথা জানান। তিনি লেখেন, ‘দিলীপ সাহেব বর্তমানে হিন্দুজা হাসপাতালে ভর্তি আছেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তিনি করোনা মুক্ত রয়েছেন। সবাই তার জন্য আশীর্বাদ করবেন।’

বর্ষীয়ান এই অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই দেশটির রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেকেই তার সুস্থতা কামনা করে পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এছাড়া তাকে দেখতে হাসপাতালটিতে যান রাজ্যটির মুখ্যমন্ত্রী সারদ পাওয়ার’সহ অনেক বলিউড অভিনেতা-অভিনেত্রী।

উল্লেখ্য, ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেযাত্রা শুরু করেন দিলীপ কুমার।  ১৯২২ সালে ১১ ডিসেম্বর পাকিস্তানে জন্ম নেওয়া এই কিংবদন্তী অভিনেতার আসল নাম মুহাম্মাদ ইউসুফ। চলচ্চিত্রে প্রবেশ করে তার নাম পরিবর্তন করে রাখেন দিলীপ কুমার। তার সফলতার ঝুলিতে জমা রয়েছে ‘দেবদাস’, ‘মোগল-ই-আজম’, ‘গঙ্গা-যমুনা’, ‘রাম ঔর শ্যাম’, ‘নয়া দৌড়’সহ অসংখ্য চলচ্চিত্র। ‘কিলা’ সিনেমাতে তাকে শেষবার অভিনয় করতে দেখেন দর্শকরা। অভিনয়ে অনন্য অবদানের জন্য তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৯১ সালে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ এবং ১৯৯৪ সালে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হন দিলীপ কুমার। এছাড়া ২০১৫ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মবিভূষণ’ অর্জন করেন এই অভিনেতা।