ধামরাইয়ে বৃক্ষরোপণ ও আলোচনাসভা

আপডেট : ০৬ জুন ২০২১, ২১:১৮

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কর্মসূচি পালন করে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই। এ উপলক্ষ্যে শনিবার সূতিপাড়া গ্রামীণ সড়কে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে সূতিপাড়া ফারমার্স ট্রেনিং সেন্টার আঙিনায় বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করা হয়। অতঃপর ঐ ট্রেনিং সেন্টারে পরিবেশের ওপর সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। এতে ৬০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ আঙিনায় ৫০০ গাছের চারা রোপণের প্রতিশ্রুতি দেন। কর্মসূচিতে অংশ নেন সংস্থার সিইও সামছুল হক, সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, প্রোগ্রাম অফিসার মো. আশরাফ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু বকর হাজারী, এসইপি প্রজেক্ট ম্যানেজার আ. হাকিম, পরিবেশ কর্মকর্তা ফারজানা রহমান প্রমুখ।