স্পোর্টস রিপোর্টার
কাতারে বাংলাদেশ ফুটবল দল খেলছে। সেখানে খেলোয়াড়দের সঙ্গে মাঝেমধ্যে দুই-একটা কথা বলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। দলের খেলোয়াড়দের খোঁজখবর নেন তিনি। কে কেমন আছে, তাদের কোনো সমস্যা হচ্ছে কি না। এসবের বাইরে পুরো দলকে প্রেরণা দেওয়া ছাড়া খেলা নিয়ে কোনো কথা বলতে রাজি না বাফুফে বস। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ড্র করেছে। আর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচ নিয়ে কী ভাবছেন জানতে চাইলে সালাহউদ্দিন মুখে কুলুপ এঁটেছেন। পরিষ্কার বলেছেন তিনি কোনো কথা বলবেন না। ম্যাচ নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না। সালাহউদ্দিন বলেন, ‘আমার যা বলার টুর্নামেন্ট শেষ হলে বলব। আমি চাই না খেলা চলাকালীন কোনো কথা বলতে। এটা দলের ওপর প্রভাব ফেলবে।’ সালাহউদ্দিন বলেন, ‘আমি তো নতুন মানুষ না। যে একটা কথা বলে ফেলব। আমার কথা দলের ওপর প্রভাব পড়ুক এই মুহূর্তে আমি এটা চাই না।’
আজ ভারত ম্যাচ কেমন হতে পারে? সালাহউদ্দিন বললেন, ‘ভারতের বিপক্ষে বাংলাদেশের কঠিন ম্যাচ হবে। এটা আমি দর্শক হিসেবে বললাম। আমি ভারতের বিপক্ষে খেলেছি। তখন টেকনিক্যাল দিক থেকে ভারত অনেক শক্তিশালী ছিল। এশিয়ায় ভালো দল ছিল ভারত। প্লিজ আর কোনো কথা না।’
