রাজস্বনীতি প্রণয়ন ও আদায়ে পৃথক সংস্থার দাবি বিটিএমএর

আপডেট : ০৬ জুন ২০২১, ২১:৩৫

ইত্তেফাক রিপোর্ট

রাজস্বনীতি প্রণয়ন ও আদায়ে পৃথক সংস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী খোকন প্রস্তাবিত বাজেটের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, নীতি ও আদায় একই সংস্থার অধীনে হওয়ায় হয়রানির সুযোগ থাকে। বিটিএমএর সদস্যরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। সামগ্রিক বাজেটটি বিশ্লে-ষণে টেক্সটাইল ও তৈরি পোশাক খাত সম্পর্কে বাজেটে যে সব প্রস্তাব রয়েছে তা কার্যত অপ্রতুল এবং প্রচ্ছন্ন রপ্তানিকে বাধাগ্রস্ত করতে পারে।

রবিবার বিটিএমএ কার্যালয়ে তিনি আরো বলেন, প্রস্তাবিত বাজেটে কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে যা বস্ত্র খাতের অনুকূলে যায়নি। তিনি বিনা শুল্কে কৃত্রিম তন্তুর আমদানির সুযোগ এবং উেস আয় কর্তনের হার দশমিক ২৫ শতাংশে নির্ধারণ, টেক্সটাইল শিল্পে ব্যবহূত সকল প্রকার যন্ত্রাংশকে শুধু ১ শতাংশ শুল্কে আমদানি সুবিধা প্রদানেরও দাবি জানান।

বিটিএমএ সভাপতি বলেন, বাজেটে কিছু পদক্ষেপ প্রশংসনীয় হলেও বস্ত্র খাতের অনেক বিষয় বিবেচনায় আনা হয়নি। সকল প্রকার সুতার ওপর মূল্য সংযোজন কর তিন টাকা ধার্য, কৃত্রিম আঁশের সুতায় তৈরি ফেব্রিকের  মূসক প্রত্যাহারসহ সব ধরনের ফাইবারকে শুল্ক ও করমুক্তভাবে আমদানির বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়নি। কৃত্রিম আঁশের দ্বারা তৈরি পোশাকে ডিজাইন ও ফ্যাশনে ভিন্নতা আনা তুলনামূলকভাবে সহজ। এছাড়াও টেকনোলজির কারণে এর দ্বারা তৈরি পোশাকসামগ্রী তুলনামূলক কম দাম ও পরনেও আরামদায়ক। তাই আমরা উক্ত প্রস্তাবটি পণ্যের বহুমুখীকরণ তথা প্রডাক্ট ডাইভারসিফিকেশনের বিষয়টিকে আরো উত্সাহিত করার মাধ্যমে কৃত্রিম আঁশের সুতার ব্যাপক আমদানি নিরুত্সাহিতসহ স্থানীয়ভাবে তা তৈরির স্বার্থেই প্রদান করেছিলাম।  কেননা টেক্সটাইল এখন শুধু কাঁচা তুলা দ্বারা তৈরি সুতা ও তদ্বারা প্রস্তুতকৃত ফেব্রিক ও গার্মেন্টসের মধ্যেই সীমাবদ্ধ নয়। টেক্সটাইল প্রোডাক্ট তৈরিতে এখন শুধু কাঁচা তুলা, পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার, ভিএসএফ বা ফ্লাক্স ফাইবারই ব্যবহার হয় না, তৈরি পোশাকের ক্রেতার চাহিদা বা রপ্তানি আদেশের ভিন্নতার প্রেক্ষিতে আমাদের জানামতে আরো অনেক নাম না জানা ফাইবার সুতা তৈরির জন্য ব্যবহার হয়।

তিনি বলেন, বাংলাদেশের রপ্তানিমুখী নিটসহ স্থানীয়ভাবে যারা নিট পোশাক ও ওভেন ফেব্রিক তৈরি ও রপ্তানি করে থাকে তাদের মধ্যে অনেকেরই বন্ড লাইসেন্স নাই। তারা স্থানীয়ভাবে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে রপ্তানির জন্য সুতা ও কাপড় সংগ্রহপূর্বক তৈরি পোশাক শিল্পে সরবরাহ করে। নিট খাতের ৭৫ শতাংশের বেশি কারখানার, যেহেতু তাদের প্রয়োজনীয় সুতার প্রায় ৮০ শতাংশের বেশি স্থানীয়ভাবেই  সরবরাহ  করা হয়, তাই তাদের বন্ড লাইসেন্সের প্রয়োজন হয় না। অন্যদিকে প্রচ্ছন্ন রপ্তানিকারকদের আমদানি-রপ্তানি বাণিজ্যের ধরনে ভিন্নতা রয়েছে। তাই আমরা এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকরিতা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা না করা পর্যন্ত বিরত থাকার অনুরোধ করছি। 

তিনি বলেন, যেখানে বন্ড থাকবে, সেখানে কালোবাজারি হবেই। রপ্তানি বাণিজ্যের খরচ কমানো ও স্থানীয় বস্ত্র শিল্পের ন্যায্য স্বার্থ সংরক্ষণের জন্য  উত্স আয়কর কর্তনের হার ০.২৫ শতাংশ নির্ধারণ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন কর্তৃক ওভেন ফেব্রিকের ট্যারিফ ভ্যালু পুনর্নির্ধারণ ও  টেক্সটাইল খাতে ব্যবহূত যন্ত্রাংশের ওপর আমদানি শুল্ক ১ শতাংশ ধার্যের প্রস্তাব করেছিলাম। বিটিএমএ কর্তৃক প্রদত্ত উক্ত প্রস্তাবগুলো ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হলে সার্বিক টেক্সটাইলসহ তৈরি পোশাক খাত কোভিড-১৯ জনিত পরিস্থিতি থেকে উত্তরণে যে পদক্ষেপগুলো নিয়েছে তা  ভালোভাবে কাটিয়ে উঠে অর্থনীতিতে আরো অবদান রাখতে পারত।