শেয়ারবাজারে সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

আপডেট : ০৬ জুন ২০২১, ২১:৩৬

ইত্তেফাক রিপোর্ট

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথম কার্যদিবস গতকাল রবিবার শেয়ারবাজারে ২ হাজার ৬৬৯ কোটি টাকার লেনদেন হয়েছে। যা দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ইতিহাসে গত সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান খাতের সব শেয়ারের দাম কমায় দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে সপ্তাহের প্রথমদিন রবিবার লেনদেন শেষ হয়। এই তিন খাতের শেয়ার বিক্রির চাপ ছিল বেশি। অন্যদিকে সিমেন্ট ও প্রকৌশল খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বেশি ছিল। দিন শেষে ডিএসইতে এসব কোম্পানির শেয়ারের লেনদেন আগের দিনের চেয়ে দ্বিগুণ বেড়েছে। সবমিলে রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২৬৯ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার টাকা। এর আগে ২০১০ সালে ৬ ডিসেম্বর পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ২ হাজার ৭১০ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা। গতকাল দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৫৯ কোটি টাকা। যা সিএসইর ইতিহাসেও বড় একটি রেকর্ড। ডিএসইর তথ্যমতে, গতকাল ডিএসইতে মোট ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

বেশি শেয়ারের দাম কমায় গতকাল আগের দিনের তুলনায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ১৩ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে।

গতকাল লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর বেশি লেনদেন হয়েছে ইফাদ অটোসের শেয়ারের। ক্রমান্বয়ে রয়েছে ফরচুন সু, রূপালি ইনসিওরেন্স, রবি আজিয়াটা, লংকাবাংলা ফাইন্যান্স, সন্ধানী লাইফ ইনসিওরেন্স, গ্লোবাল ইনসিওরেন্স, এসএস স্টিল লিমিটেড এবং সোনার বাংলা ইনসিওরেন্স লিমিটেড।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০৭ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৩০টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৬ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার টাকা।