পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২১, ২১:৪০

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে রবিবার সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো কয়েক জন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

পঞ্চগড় ও বোদা :পঞ্চগড়ের বোদা উপজেলায় পিকআপের সংঘর্ষে মনির হোসেন নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বিকালে পঞ্চগড়-বোদা মহাসড়কের মন্নাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বোদা হাইওয়ে থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, দুপুরে উপজেলার মন্নাপাড়া এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে মিনিবাসের ধাক্কায় পঞ্চগড় সদর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) সুবল কুমার সরকার মারা গেছেন। সুবল কুমার সরকার ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, ঘাতক মিনিবাসটি জব্দ করা হয়েছে।

মাগুরা :মাগুরা-কামারখালী সড়কের মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় বাসের ধাক্কায় জামাল সর্দার নামের এক বিদ্যুত্ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয় পল্লী বিদ্যুতের আরো পাঁচ শ্রমিক। হতাহতরা নসিমন যোগে কাজে যাচ্ছিলেন। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, বাস ধাক্কায় নসিমন যাত্রী শ্রমিক জামাল সর্দার রাস্তায় ছিটকে পড়ে মারা যান। আহত পাঁচ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী (বরগুনা) :সকালে আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা স্ট্যান্ডে মাছের পিকআপ ভ্যান উলটে জাকির হোসেন নামের মাছ ব্যবসায়ী মারা গেছেন। মাছ নিয়ে কলাপাড়া থেকে পটুয়াখালী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে বরগুনায় পাঠিয়েছে। এ ব্যাপারে আমতলী থানায় ইউডি মামলা হয়েছে।