নাশকতার দুই মামলায় আসলাম চৌধুরীর জামিন স্থগিত

আপডেট : ০৬ জুন ২০২১, ২১:৫১

নাশকতার দুই মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা আসলাম চৌধুরীকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেয়। একই সঙ্গে হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলেছেন প্রধান বিচারপতি। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ এবং আসলামের পক্ষে রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, নাশকতার দুই মামলায় আসামির নাম এজাহারে ছিল না। পরে তাকে শ্যেন অ্যারেস্ট দেখানো হয়। এই মামলায় তার জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। আমরা জামিন স্থগিতের আবেদন করেছি। তিনি বলেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোশাদের সঙ্গে আসামির কানেকশন রয়েছে। এ পর্যায়ে আদালত বলে, সেই অভিযোগে কি কোনো মামলা হয়েছে? অ্যাটর্নি জেনারেল বলেন, উনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এর পরই আপিল বিভাগ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে নির্দেশ দেয়।

২০১৬ সালে দিল্লি ও আগ্রার তাজমহল এলাকায় ইসরাইলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বিভিন্ন অনুষ্ঠানে দেখা-সাক্ষাতের বেশ কিছু ছবি প্রকাশিত হয়। এ নিয়ে দেশবিদেশে ব্যাপক তোলপাড় হয়। ঐ বছরের ১৫ মে সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরী ও তার ব্যক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়াকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর ঐ বছরের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলা। এই মামলায় জামিনে আছেন আসলাম চৌধুরী। পরে তাকে রাজধানীর কোতোয়ালি ও শাহবাগ থানায় ২০১৩ সালে দায়ের করা নাশকতার দুটি মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।