পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে মারপিটের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় হামলার শিকার মুক্তিযোদ্ধা সাবাতুল্লাহ বাদী হয়ে একটি ও পৃথক আরো দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক আহ্বায়ক জাকির হোসেনসহ মুক্তিযোদ্ধারা রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দেখা করে এ মারপিটের ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন।
জানা গেছে, গত শনিবার উপজেলার উফারামারা কল্লাটারি গ্রামে বাড়ির কাজে মুক্তিযোদ্ধা সাবাতুল্লাহর নাতি রবিউল ইসলাম ট্রলিতে করে বালু আনতে থাকে। ঐদিন বালু পরিবহনে চাঁদা দাবির ঘটনা নিয়ে মুক্তিযোদ্ধার নাতি ও ট্রলির চালকের সঙ্গে একই গ্রামের ডাঙ্গাপাড়া এলাকার মিনহাজ পারভেজ মিরাজের মারপিটের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সন্ধ্যায় এক বৈঠক বসলে মিরাজ, রশিদুল ইসলাম, পানবাড়ী জোড়াব্রিজ এলাকার এফ আই রানা, গুড়িয়াটারি এলাকার রাশেদসহ অজ্ঞাতনামা লোকজন মুক্তিযোদ্ধা ও তার নাতি এবং ট্রলিচালককে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কথিত সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও মারপিটের ঘটনায় রাতে পাটগ্রাম থানায় মুক্তিযোদ্ধা সাবাতুল্লাহ বাদী হয়ে একটি এবং একই ঘটনায় ট্রলিচালকের বাবা রশিদুল ইসলাম ও মুক্তিযোদ্ধার নাতি আতাউর রহমান বাদী হয়ে পৃথক আরো দুটি অভিযোগ দায়ের করেন।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় চারটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
