পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক ৫০ ভাগ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রবিবার দুপুরে বনানীর সেতুভবনে সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি এসব কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, নদী শাসন কাজের অগ্রগতি শতকরা ৮৩ দশমিক ৫০ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ। মূল সেতুর ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ২ হাজার ৬২৭টি এবং ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২ হাজার ৮৪৭টি রেলওয়ে স্ল্যাব স্থাপন করা হয়েছে। আগামী বছরের জুন মাসেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে।
তিনি জানান, কর্ণফুলী নদীর তলদেশে দুইটি টিউব বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ২ হাজার ৪৫০ মিটার দৈর্ঘের প্রথম টানেল টিউবের রিং প্রতিস্থাপনসহ ৮১৫ মিটার রোড স্ল্যাব ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ২ হাজার ৪৫০ মিটার দৈর্ঘের দ্বিতীয় টানেল টিউবের ১ হাজার ৬১০ মিটারের বোরিং কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৬৯ ভাগ।
সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না :কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তিনি বলেন, সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি এখন সত্য প্রকাশ করতেও ভুলে গেছে।
ওবায়দুল কাদের গতকাল বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
ওবায়দুল কাদের পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করে দিতে হকার্স লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
হকার্স লীগের আহ্বায়ক এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ হকার্স লীগের নেতারা।
