সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে জানিয়েছেন, যমুনা সেতুর ওপর ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৩৪ কোটি ৩ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। চলতি ২০২০-২১ অর্থবছর শেষ হওয়ার এক মাস আগে গত মে পর্যন্ত টোল আদায় হয়েছে ৫৯৪ কোটি ৮৬ লাখ টাকা, যা যে কোনো অর্থবছরের হিসাবে এযাবত্কালের সর্বোচ্চ। গতকাল রবিবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন।
একই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, বঙ্গবন্ধু সেতু চালুর পর থেকে এ পর্যন্ত সেতুর পরিচালন, রক্ষণাবেক্ষণ ও ডিএসএল পরিশোধ বাবদ খরচ হয়েছে ৪ হাজার ১০৪ কোটি ২১ লাখ টাকা। বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের সংসদকে জানান, বঙ্গবন্ধু সেতুর নির্মাণ ব্যয় ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। আদায়কৃত অর্থ থেকে সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয়সহ সেতু নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর ঋণ পরিশোধ করা হয়।
১৯৯৮ সালের জুনে বঙ্গবন্ধু সেতু উন্মুক্ত করা হয়। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু সেতু তৈরিতে যে অর্থ ব্যয় হয়েছিল, গতকাল মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী টোল থেকে হিসাব করলে ২০১৬-১৭ অর্থবছরেই সেই নির্মাণ খরচ উঠে এসেছে। তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় অ্যামরটাইজেশন শিডিউল অনুযায়ী উন্নয়ন সহযোগী সংস্থাগুলো থেকে নেওয়া ঋণ সেতু থেকে আদায় করা টোলের মাধ্যমে ২০৩৪ সাল নাগাদ পরিশোধ করা শেষ হবে বলে জানান ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গবন্ধু সেতু থেকে ১৯৯৭-৯৮ অর্থবছরে ৯৯ লাখ টাকা, ১৯৯৮-৯৯ অর্থবছরে ৬১ কোটি ২৭ লাখ টাকা, ১৯৯৯-২০০০ অর্থবছরে ৬৬ কোটি ৯৪ লাখ টাকা, ২০০০-০১ অর্থবছরে ৮২ কোটি ৮৪ লাখ টাকা, ২০০১-০২ অর্থবছরে ৯৩ কোটি ৫৮ লাখ টাকা, ২০০২-০৩ অর্থবছরে ১০৮ কোটি ৭২ লাখ টাকা, ২০০৩-০৪ অর্থবছরে ১৩১ কোটি ৮ লাখ টাকা, ২০০৪-০৫ অর্থবছরে ১৫২ কোটি, ২০০৫-০৬ অর্থবছরে ১৫৭ কোটি ৯৭ লাখ টাকা, ২০০৬-০৭ অর্থবছরে ১৭৩ কোটি ৭৬ লাখ টাকা, ২০০৭-০৮ অর্থবছরে ২০১ কোটি ৯৬ লাখ টাকা, ২০০৮-০৯ অর্থবছরে ২১৪ কোটি ৪২ লাখ টাকা, ২০০৯-১০ অর্থবছরে ২৪২ কোটি ৯৯ লাখ টাকা, ২০১০-১১ অর্থবছরে ২৬৯ কোটি ১০ লাখ টাকা, ২০১১-১২ অর্থবছরে ৩০৬ কোটি ২৩ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ৩২৭ কোটি ৯৮ লাখ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ৩২৫ কোটি ৩৮ লাখ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ৩৫১ কোটি ১৪ লাখ টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ৪০৪ কোটি ৮৮ লাখ টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ৪৮৬ কোটি ৫২ লাখ টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৫৪৩ কোটি ৮০ লাখ টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ৫৭৫ কোটি ৩৪ লাখ টাকা এবং ২০১৯-২০ অর্থবছরে ৫৬০ কোটি ২৮ লাখ টাকা টোল আদায় করা হয়েছে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু সেতু পারাপারে প্রতিটি বড় বাসকে ৯০০ টাকা, ছোট বাসকে ৬৫০ টাকা, বড় ট্রাককে ১৪০০ টাকা, মাঝারি ট্রাককে ১১০০ টাকা এবং ছোট ট্রাককে ৮৫০ টাকা হারে টোল দিতে হয়।
