ঐতিহাসিক ৬ দফা দিবস আজ

আপডেট : ০৬ জুন ২০২১, ২১:৫৭

আজ ঐতিহাসিক ৭ জুন, ৬-দফা দিবস। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য প্রতিবাদী আত্মত্যাগে ভাস্বর একটি দিন। ১৯৬৬ সালের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬-দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়।

৬-দফার সমর্থনে ১৯৬৬ সালের ১৩ মে আওয়ামী লীগ আয়োজিত পল্টনের জনসভায় ৭ জুন হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি চলাকালে ঢাকায় শ্রমিক মনু মিয়া ও আবুল হোসেন পাকিস্তান স্বৈরশাসকের গুলিতে প্রাণ হারান। নারায়ণগঞ্জ রেল স্টেশনের কাছে পুলিশের গুলিতে মারা যান আরো ছয় শ্রমিক। আন্দোলনের প্রচণ্ডতায় লাখো বাঙালি মাঠে নেমে পড়ে। সন্ধ্যায় জারি করা হয় কারফিউ। রাতে হাজার হাজার আন্দোলনকারী বাঙালিকে গ্রেফতার করা হয়। এভাবে ৬-দফাভিত্তিক আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। শহিদের রক্তে আন্দোলন নতুন মাত্রা পায়। এই দিনটি বাংলার স্বাধিকার আন্দোলনকে স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত করে। আর এ ৬-দফার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। ৬-দফা আন্দোলনের ধারাবাহিকতায় আসে আগরতলা ষড়যন্ত্র মামলা, ১১ দফা আন্দোলন, ’৬৯-র গণ-অভ্যুত্থান, ’৭০-র নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী :ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৬৬ সালের ঐতিহাসিক ৬-দফা একটি অন্যতম মাইলফলক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭ জুন এক অবিস্মরণীয় ও তাত্পর্যপূর্ণ দিন। আমি ঐতিহাসিক ৭ জুনসহ স্বাধীনতা সংগ্রামের সব শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

কর্মসূচি :দিবসটি উপলক্ষ্যে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্য উদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এক বিবৃতিতে নেতাকর্মীদের যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।

বিশেষ আলোচনা আজ :এদিকে ঐতিহাসিক ৬-দফা দিবস উদ্যাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন এবং ই-পোস্টার প্রকাশ করেছে। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করবেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অনুষ্ঠানটি আজ বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে প্রচারিত হবে। ই-পোস্টারের শিরোনাম করা হয়েছে ‘৭ জুন বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬-দফা দিবস :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা।’