শহিদ জননী মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৬ জুন ২০২১, ২১:৫৯

বরিশাল অফিস ও আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, সাবেক চিফ হুইপ, বরিশাল-১ আসনের এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা শহিদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার।

এ উপলক্ষ্যে বরিশাল মহানগর আওয়ামী লীগ সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনব্যাপী শোক কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার সকাল ৬টায় শহিদ সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ৩০টি ওয়ার্ড কর্তৃক বরিশাল মুসলিম গোরস্থানে মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত, সোমবার থেকে বুধবার পর্যন্ত কালো ব্যাজ ধারণ, সোমবার থেকে বুধবার পর্যন্ত দলীয় কার্যালয়ে ফজর থেকে আসর পর্যন্ত কোরআন খতম, সোমবার ৩০টি ওয়ার্ডে দিনব্যাপী কোরআন খতম এবং সব ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা এবং বুধবার জোহর বাদ দলীয় কার্যালয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত।

এ উপলক্ষ্যে গতকাল রবিবার বাদ জোহর বরিশাল জেলা পরিষদের উদ্যোগে নগরীর জামে এবায়দুল্লাহ মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. মাইদুল ইসলাম। এছাড়াও বানারীপাড়ার চাখার সাইয়েদিয়া দরবার শরিফে দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন ছানা প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন জানান, মরহুমার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার রুহের মাগফিরাত কামনায় আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার সব মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদ, উপজেলা কেন্দ্রীয় মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ এবং সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দির, বিষ্ণু মন্দিরসহ সব মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। দোয়া ও মিলাদ এবং প্রার্থনা সভায় আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মরহুমার পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষিরা উপস্থিত থাকবেন।  

উল্লেখ্য, গত বছর ৭ জুন হূদেরাগে আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।