অসুস্থতার কারণে আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির মুত্যু হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু তিনি জীবিত আছেন বলে দাবি করেছে জাতিসংঘ। সংস্থাটির বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, জাওয়াহিরির সম্ভবত মৃত্যু হয়নি এবং তিনি এখন পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে থাকতে পারেন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, আল-কায়েদা প্রধানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার মতো তথ্য-প্রমাণ না পাওয়া, সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা এ সংক্রান্ত তথ্য-প্রমাণ খুঁজে পাওয়ার তোড়জোড়ের মধ্যেই আন্তর্জাতিক সংগঠনটির প্রধানের মৃত্যুর গুজব খারিজ করে তার বেঁচে থাকার কথা জানানো হলো।

বিন লাদেনের সঙ্গে আয়মান আল-জাওয়াহিরি
শুক্রবার প্রকাশিত জাতিসংঘের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাঙ্কশনস মনিটরিং টিমের ১২তম প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদার একটা উল্লেখযোগ্য অংশ আফগান-পাকিস্তান সীমান্ত অঞ্চলে অবস্থান করছে। এই দলে জাওয়াহিরিও আছেন বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, তিনি সম্ভবত বেঁচে আছেন। তবে জাওয়াহিরির শারীরিক অবস্থা এতটাই নাজুক যে তার পক্ষে আল-কায়েদার কার্যক্রম ও প্রচারণায় অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।
নাম উল্লেখ না করে জাতিসংঘের ওই প্রতিবেদনে এই প্রসঙ্গে এক সূত্রের ব্যাখা, ‘শারীরিক অসুস্থতার কারণে জাওয়াহিরি এখনও বেশ দুর্বল অবস্থায় আছেন। সেই কারণেই হয়তো তাকে প্রচারণা থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।’
ইত্তেফাক/টিআর
