‘দেশে করোনা ভাইরাসের প্রভাব শুরুর পর মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের ৯৫ শতাংশ কারখানায় উত্পাদন বা বিক্রি কমেছিল। পরে পরিস্থিতির উন্নতি হলেও আগের পর্যায়ে আসেনি। পরিস্থিতির উন্নয়নে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের সহজে প্রণোদনার ঋণ পাওয়া নিশ্চিত করতে হবে।’ গতকাল রবিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত প্রিজম প্রকল্পের সঙ্গে যৌথভাবে আয়োজিত এক ওয়েবিনারে এমন অভিমত উঠে আসে।
ওয়েবিনারের প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে উন্নীত হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। শিল্পোন্নত দেশ গড়তে এসএমই খাত ভূমিকা রাখছে। করোনায় এ খাত ক্ষতিগ্রস্ত হলেও এরই মধ্যে অনেক প্রতিষ্ঠান ঘুরে দাঁড়িয়েছে। করোনা মহামারির মধ্যেও বিসিক শিল্পনগরীতে উত্পাদন বেড়েছে। এ খাতকে আরো এগিয়ে নিতে প্রণোদনার আওতায় ঋণ দেওয়াসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
‘সিএমএসএমই খাতের ওপর কোভিড-১৯-এর প্রভাব ও পুনরুদ্ধার :বিসিক শিল্পনগরী থেকে প্রাপ্ত তথ্য’ শীর্ষক ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের গবেষণা পরিচালক ও প্রিজম প্রকল্পের সিনিয়র পরামর্শক ড. মনজুর হোসেন। গত বছর করোনার প্রভাব শুরুর পর বিসিক শিল্পনগরীতে অবস্থিত ২১৬টি শিল্প কারখানার ওপর পরিচালিত জরিপের আলোকে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়। লকডাউন ও লকডাউন-পরবর্তী এসব কারখানার উত্পাদন বা বিক্রি, আয়সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে প্রতিবেদনে।
ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রিজম কর্মসূচির টিম লিডার আলী সাবেত। সমাপনি বক্তব্য দেন ইআরএফের সভাপতি শারমীন রিনভী। এসএমই খাতের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠনের নেতারা এতে অংশ নেন।
প্যানেল আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ পাওয়া সহজ করতে হবে। আর এর জন্য ট্রেড লাইসেন্স বা অন্যান্য ঝামেলায় না গিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও এনআইডির বিপরীতে ঋণ দিতে হবে। একই সঙ্গে অনলাইনে কীভাবে উত্পাদিত পণ্য বিক্রি করতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। এ খাতের জন্য ২ হাজার কোটি টাকার একটি ক্রেডিট গ্যারান্টি স্কিম করলেও এখনো তা কার্যকর না হওয়াটা দুঃখজনক।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেঞ্জি তেরিং বলেন, করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য ইইউর আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।
বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) চেয়ারম্যান ও ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আবুল কাসেম খান বলেন, স্বল্পমেয়াদি চলতি মূলধন ঋণ না দিয়ে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ দিতে হবে। কেননা, খেলাপি হলে আর কোনো সুবিধা পাবেন না এরকম ভীতি থেকে এসএমই খাতের অনেক উদ্যোক্তা ঋণ নিতে আগ্রহ দেখান না।
ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, প্রণোদনার ঋণ মাঝারি ও বড়রা পাচ্ছেন। ছোটরা সেভাবে পাচ্ছেন না। এই সমস্যার সমাধানে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য একটা ডেটাবেজ খুবই জরুরি। এবারের বাজেটে ফেসবুকে পণ্য বিক্রির ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানান তিনি।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, বড় শিল্পের সঙ্গে ক্ষুদ্র খাতের সমন্বয় করা গেলে রপ্তানি অনেক বাড়বে। নতুন করে অনেক কর্মসংস্থান হবে। রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দিতে হবে। করোনাকে সম্ভাবনা হিসেবে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।
