ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারত-চীন সম্পর্কে সমস্যা মিটিয়ে ফেলতে সক্ষম বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাত্কারে পুতিন বলেন, আমি জানি ভারত ও চীনের মধ্যে কিছু সমস্যা রয়েছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে নানা সমস্যা থাকে। খবর আনন্দবাজার পত্রিকার
প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী ও চীনা প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি আমি জানি। তারা খুবই দায়িত্বজ্ঞানসম্পন্ন ও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। এ দুই নেতা যে কোনো সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন বলেই আমি মনে করি। তবে ঐ অঞ্চলের বাইরের কোনো শক্তির এই বিষয়ে নাক গলানো উচিত নয়।’ নাম না বললেও রাশিয়ান প্রেসিডেন্টের ইঙ্গিত আমেরিকার দিকে বলে মত কূটনীতিকদের।
পুতিনের সাক্ষাত্কারে উঠে এসেছে আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়ার জোট কোয়াডের কথাও। চীনের দাবি, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা প্রভাবের মোকাবিলা করতেই ঐ চারটি দেশ এই জোট তৈরি করেছে। সম্প্রতি এই জোটের সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ বিষয়ে প্রশ্নের উত্তরে পুতিন বলেন, ‘আমরা কোয়াড জোটে অংশগ্রহণ করছি না। অন্য কোনো দেশের কী করা উচিত তা নিয়ে আমি মন্তব্য করব না। কারণ কোনো স্বাধীন দেশ অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক কতটা বাড়াবে সেটা সেই দেশই ঠিক করে। তবে কোনো দেশের বিরুদ্ধে জোট বাঁধা ঠিক নয়।’ মস্কো-বেইজিং ঘনিষ্ঠতার সঙ্গে দিল্লি-মস্কোর সম্পর্কে কোনো বিরোধ নেই বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট পুতিন।
