পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ রাশিয়া থেকে শিগিগরই ৫০ লাখ ডোজ করোনার টিকা স্পুিনক-ভি আমদানি করতে চায়। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। গতকাল রবিবার রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগ্নটভের বিদায়ি সাক্ষাত্কালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই আগ্রহের কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, অনুমোদন পেলে বাংলাদেশের কয়েকটি কোম্পানি রাশিয়ার সঙ্গে যৌথভাবে টিকা উত্পাদন করতে পারবে। তিনি রাশিয়া থেকে দ্রুত করোনার টিকা আমদানির ক্ষেত্রে বিদায়ি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণকাজের গতি এবং মানে সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি রাশিয়ার বিশেষজ্ঞ এবং শ্রমিকদের কাজের ভূয়সী প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে সে সময়ের সহযোগিতার জন্য রাশিয়ার সরকার এবং জনগণকে তিনি ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অবদান এবং বিভিন্ন মেগা প্রজেক্টে রাশিয়ার উন্নয়ন সহযোগিতার কথা উল্লেখ করেন।
রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, আমরা টিকা সরবরাহে এবং বাংলাদেশের জনগণকে কোভিড মোকাবিলায় সহায়তায় প্রস্তুত। এই (চুক্তি) প্রায় হয়ে গেছে। রাশিয়ার রাষ্ট্রদূত আগামীকাল রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
