ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবাহী ড্রামট্রাকের চাপায় পিষ্ট হয়ে পথচারী দুই কৃষক নিহত হয়েছে। সোমবার (৭ জুন) ভোর ৬টার দিকে গফরগাঁও-হোসেনপুর সড়কে খুরশীদমহল ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার খুরশিদমহল গ্রামের নূর হোসেনের ছেলে মাসুস (২০) ও একই গ্রামের শহীদের ছেলে মানিক (৩০।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার ভোরবেলায় কৃষক মাসুম ও মানিক পায়ে হেটে ব্রহ্মপুত্র নদের অপর পাড়ে খুরশীদমহল গ্রামের চরাঞ্চলে তাদের ফসলের মাঠে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় খুরশীদ মহল ব্রিজের উপরে পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী ড্রাম ট্রাক পথচারী দুই কৃষককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে পাগলা থানায় নেওয়ার প্রস্ততি চলছে। ব্রিজের টোল প্লাজায় সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরার সাহায্যে ঘাতক ট্রাকটি সনাক্তকরণের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআর
