বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে। কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। ক্যান্সারের বিরুদ্ধে সোনালির লড়াই যেন অনেকের চলার পথের পাথেয় হয়ে যায়। রবিবার (৬ জুন) ক্যান্সার জয়ী দিবসে নিজের সেই লড়াইয়ের গল্প ফিরে দেখলেন এই অভিনেত্রী।

এদিন ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করেছেন সোনালি। একইসঙ্গে বর্তমান সোনালির ছবি দিতেও ভুললেন না তিনি। তুলনা করলেন সেই সময় আর এই সময়ের মধ্যে। বাঁ দিকের ছবিতে দেখা যাচ্ছে, কেমোথেরাপির পরে মাথার চুল পড়ে গিয়েছে সোনালির। শুয়ে রয়েছেন হাসপাতালের শয্যায়। ক্যানসারে বিধ্বস্ত তিনি। কিন্তু ডান পাশে দু’পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সেই মানুষই। সেজেগুজে ছোট চুলে অভিনেত্রী। ক্যানসারকে জয় করেছেন এই সোনালি। সুস্থ, স্বাভাবিক জীবন যাপন তার।
ক্যাপশনে সোনালি লিখেছেন, ‘কীভাবে সময় চলে যায়। আজ যখন আমি পেছনে ফিরে দেখি, আমি শক্তি দেখতে পাই, আবার দুর্বলতাও চোখে পড়ে। আমি ভাবি, এটার পর আমার জীবন কেমন হয়ে গেল…। আমি বিশ্বাস করি যে জীবনটা পছন্দ করেন, সেটাই তৈরি করতে পারবেন। এই জার্নিটা আমাকে তৈরি করেছে। দিনে অন্তত একবার সেটা মনে করি।’

সোনালির অভিষেক হয় ‘আগ’ ছবি দিয়ে। ছবিটি ১৯৯৫ সালে মুক্তি পায়। ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘দিলজলে’, ‘মেজর সাব’, ‘সরফরোশ’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। ক্যান্সার আক্রান্ত হওয়ার পরও কিছুটা সুস্থ হয়ে বিজ্ঞাপনের কাজ করেছিলেন এই অভিনেত্রী। ক্যান্সার রোগীদের প্রতি তার বার্তা, মনের জোর রাখতেই হবে, তবেই সুস্থ হওয়া সম্ভব।

ইত্তেফাক/বিএএফ
