রাতের আঁধারে ক্যারাম বোর্ডের ওপর নবজাতক ফেলে গেলো কারা?

আপডেট : ০৭ জুন ২০২১, ১৮:২২

বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে সে বাগেরহাট সদর হাসপাতালে সুস্থ ও ভালো আছে। রবিবার রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ইতিমধ্যে হাসপাতালে থাকা শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ দেখিয়েছি।

বাগেরহাট সদর থানার পরিদর্শক আবু সাঈদ জানান, রবিবার রাতে বেমরতা ইউনিয়নের চিতলী বৈটপুর গ্রামের একটি চায়ের পাশে ওই শিশুটি পড়ে ছিল। ধারনা করা হচ্ছে সদ্য জন্ম নেয় ওই নবজাতককে কেউ ওই স্থানে ফেলে গেছে। রাতে স্থানীয় ইমরান শেখের স্ত্রী লিজা আক্তার ওই নবজাতকের কান্না শুনতে পান। পরে তিনি দোকানের কাছে গিয়ে ক্যারম বোর্ডের ওপর নবজাতককে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে যান। পরে ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাতেই ওই বাড়িতে গিয়ে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও বলেন, কে বা কারা নবজাতককে এভাবে ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে হাসপাতালে থাকা শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ দেখিয়েছি। বিষয়টি আদালতে জানানো হবে। এ বিষয়ে আদালত ঠিক করবে পরবর্তী করণীয় বিষয়ে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবীর জানান সদ্য ভূমিষ্ঠ হওয় নবজাতক মেয়েটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তাকে হাসপাতালে রেখে নিবিড় পরিচর্যা করা হচ্ছে।

ইত্তেফাক/এমএএম