ভেদরগঞ্জে পুকুরে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২১, ২০:০৬

শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সখিপুর থানার উওর তারাবুনিয়া ২ নং ওয়ার্ডের বন্দুকশি কান্দি গ্ৰামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু কুদ্দুস আলী বেপারীর মেয়ে লামিয়া (৬) ও ছেলে মাসুদ (৬) নামের যমজ দুই ভাই বোন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাড়ির উঠানে খেলা করছিল লামিয়া ও মাসুদ। হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকাল সাড়ে ৩টার সময় বাড়ির কিছু দুরে রাস্তার পাশে পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক ডাক্তার বেনজীর আহমেদ তাদের মৃত বলে ঘোষণা করেন।

শিশু দুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, একই পরিবারের দুটি শিশু মারা যাওয়ার বিষয়টি আমরা জেনেছি, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এসআই