সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপে সরকারি সফর শেষে গতকাল সোমবার সকালে দেশে ফিরেছেন। মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে গত ২ জুন মালদ্বীপে যান তিনি। সফরকালে মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাত্ করেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদির সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরো জোরদার করার ব্যাপারে আলোচনা হয়।
পরে জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সভায় যোগ দেন। মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল কোভিড-১৯ মহামারি চলাকালে ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ বাংলাদেশ সেনাবাহিনীর একটি মেডিক্যাল দলকে মালদ্বীপে পাঠানোর জন্য তিনি জেনারেল আজিজ আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানান। জেনারেল আজিজ আহমেদ তাঁর বক্তব্যে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি অত্যন্ত চৌকস ও পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে।
এছাড়া সভায় দ্বিপক্ষীয় বিভিন্ন সামরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরবর্তী সময়ে জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যান এবং হাইকমিশনার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করেন।
