একসঙ্গে তিন শিশুর জন্ম বাঁচল না কেউই

আপডেট : ০৭ জুন ২০২১, ২১:৩৯

বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা

বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার ছাড়াই এক সঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছিলেন এক গৃহবধূ। কিন্তু সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে শনিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে তিন শিশুই। এর আগে বিকাল ৪টার দিকে ১০ মিনিটের ব্যবধানে তিন ছেলে সন্তানের জন্ম দেন হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা দিনমজুর ফারুক বেপারীর স্ত্রী সেলিনা বেগম (২৮)।

হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শাহরাজ হায়াত জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া তিন নবজাতকের প্রত্যেকের ওজন ছিল স্বাভাবিকের তুলনায় কম এবং প্রত্যেকেরই শ্বাসকষ্ট ছিল। তবে তাদের মা আশঙ্কামুক্ত ছিলেন। শিশুদের অবস্থা সংকটাপন্ন থাকায় তাদের বরিশালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। স্বজনরা রাত সাড়ে ১০টার দিকে তিন নবজাতককে নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পৌঁছান। সেখানে রাতে ১০ মিনিটের ব্যবধানে একে একে তিন নবজাতকের মৃত্যু হয়।  শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক উত্তম কুমার সাহা জানান, রাত সাড়ে ১০টার দিকে ঐ তিন নবজাতককে সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের অবস্থা খুবই খারাপ ছিল। ওজন ও অপরিণত বয়সে ভূমিষ্ঠ হওয়ায় শ্বাস-প্রশ্বাস নেওয়ার সক্ষমতা কম এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল না বলেই তাদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। রাত সাড়ে ১১টা থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে ঐ তিন নবজাতক একে একে মারা যায়।