সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ জুন ২০২১, ২১:৪০

ছয় দফা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা

বশেমুরবিপ্রবি সংবাদদাতা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় আচার্য জগদীশচন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব এবং প্রধান আলোচক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম উপস্থিত ছিলেন।

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ভূমিসেবা সপ্তাহ-২০২১ উদ্যাপন উপলেক্ষ্য হোসেনপুরে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকারে সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, হোসেনপুর পৌর মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন প্রমুখ। এর আগে শোভাযাত্রা বের হয়ে উপজেলা ভূমি অফিস থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কৃষকদের মধ্যে গোখাদ্য বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জে অসহায় কৃষকদের মধ্যে গোখাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৬৫ জন কৃষকের মধ্যে গোখাদ্য বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাত মো. সায়েম প্রমুখ।

ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ এ টি এম আরিচুল হক।

চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে চিংড়ি গবেষণা কেদ্রের বার্ষিক গবেষণা অগ্রগতি ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কেন্দ্রের সেমিনার কক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জুলফিকার আলী।

জেলা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সার্থে ২০টি অক্সিজেন সিলিন্ডার ও বায়ু থেকে অক্সিজেন উত্পাদনের পাঁচটি মেশিন, ৬ হাজার মাস্কসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে এসব সামগ্রী হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও গ্রামীণ ট্রাভেলস চেয়ারম্যান আলহাজ মো. মোখলেসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মুঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী প্রমুখ।